
চুয়াডাঙ্গায় অবৈধভাবে মজুত সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার; লরি জব্দ, গ্রেফতার ৪
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত সাড়ে ১১ হাজার লিটার জ্বালানিসহ একটি তেলবাহী লরি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে আলমডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের। গ্রেফতারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ের আলি হোসেন (৫৩), মোজাম হোসেন (৪৫), পীরপুর গ্রামের রাহেন আলি (২৮) এবং আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের টিটন আলি (৩৭)। পুলিশ জানায়, আলমডাঙ্গা থানার বড়গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ সদস্যরা সোমবার ভোররাতে কয়রাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভালাইপুর-হাটবোয়ালিয়া সড়কের পাশে একটি দোকানে তেলবাহী লরি (রেজি. নং, ঝিনাইদহ-ঢ-৪১-০০১১) থেকে ব্যারেলে অবৈধভাবে জ্বালানি তেল নামাতে দেখতে পায়। এ সময় লরিতে থাকা মোট ২, ৮০০ লিটার ডিজেল এবং ৮, ৭০০ লিটার পেট্রোল (ডিপ ও ব্যারেলসহ) জব্দ করা হয়। জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরিসহ জ্বালানি তেল জব্দ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তারা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আরও দুজন জড়িত থাকলেও তারা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। /এসআর

ধীরে ধীরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, ইরানের সঙ্গে উত্তেজনার প্রভাবে বৈশ্বিক তেলবাজার অস্থির থাকলেও ধীরে ধীরে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। সোমবার (৩০ মার্চ) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে তেলবাজারে সরবরাহ 'পর্যাপ্ত' রয়েছে। তবে অতিরিক্ত সরবরাহ এলে তা সহায়ক হবে। তিনি আরও জানান, বিভিন্ন দেশ ইরানের সঙ্গে চুক্তিতে যাওয়ায় বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়তে দেখা যাচ্ছে। /এআই

যুদ্ধের অনিশ্চয়তায় সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের
ইরানের সঙ্গে যুদ্ধের স্থায়িত্ব ও তীব্রতা নিয়ে বাড়তে থাকা ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সামরিক অভিযান অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলছে এবং সংঘাত শুরুর পর থেকেই অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য মন্দা দেখা গেছে। দেশীয় ও বৈশ্বিক—দুই ক্ষেত্রেই ভূরাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছ। বিশেষ করে যুদ্ধ কতদিন চলবে, কতটা তীব্র হবে এবং কীভাবে শেষ হবে, তা নিয়ে দেখা দিয়েছে অস্থিরতা। ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবাননে সংঘাত এপ্রিলের শেষ দিকে শেষ হতে পারে। এই প্রেক্ষাপটে ২০২৬ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা জানুয়ারিতে যুদ্ধ শুরুর আগে দেয়া ৫ দশমিক ২ শতাংশ পূর্বাভাসের চেয়ে কম। তবে ২০২৭ সালে, প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে, যেখানে আগের পূর্বাভাস ছিল ৪ দশমিক ৩ শতাংশ। ২০২৫ সালে ইসরায়েলের অর্থনীতি ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে, যা গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের কারণে প্রভাবিত হয়। এদিকে, সংশোধিত প্রবৃদ্ধি পূর্বাভাসের পাশাপাশি নীতিগত সুদহার ৪ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা অর্থনীতিবিদদের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, সর্বশেষ সুদহার নির্ধারণের পর থেকে মূল্যস্ফীতির চাপ বেড়েছে, যার মূল কারণ বৈশ্বিক জ্বালানির দামের উল্লেখযোগ্য বৃদ্ধি। /এআই

সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গ্রেফতারের পর সোমবার (৩০ মার্চ) বিকেলে তাকে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করলে রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়া বয়োঃবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ায় বাধা দিয়েছিলেন আফজাল নাছের। দুইপক্ষের শুনানি শেষে আদালত আসামির ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। /এএম

চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীতে আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতন ও চাকরি পুনর্বহালের দাবিতে রাজধানীর খামারবাড়িতে বিক্ষোভ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) আওতাধীন বিভিন্ন হর্টিকালচার সেন্টারের আউটসোর্সিং কর্মীরা। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ি প্রাঙ্গণে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মচারীদের অভিযোগ, বিনা নোটিশে কৃষি অধিদফতরে উপজেলা পর্যায়ে ২৮১ জন গাড়ি চালককে ছাঁটাই করা হয়েছে। এ সময় ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহাল এবং ৮ মাসের বকেয়া বেতনের দাবি করে তারা অভিযোগ করেন, আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী শ্রমিক ছাঁটাইয়ের আগে নোটিশ দেয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। আন্দোলনরত কর্মীরা তিন দফা দাবি জানান। মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রমিক ছাঁটাই ইস্যুর দ্রুত সমাধান চান তারা। /এএম

ইরানের জনগণ অসাধারণ, তবে সমস্যা নেতৃত্বে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের জনগণ অসাধারণ হলেও দেশটির বর্তমান নেতৃত্বই মূল সমস্যা। এবিসি নিউজের গুড মর্নিং আমেরিকাতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের জনগণ ও নেতৃত্বকে আলাদা করে দেখে। তার ভাষায়, 'ইরানের জনগণ অসাধারণ। কিন্তু যারা দেশটি চালাচ্ছে, তারাই সমস্যা।' রুবিও বলেন, ইরানে যদি ভবিষ্যতে আরও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গির নতুন নেতৃত্ব আসে, তাহলে তা বিশ্বের জন্য ইতিবাচক হবে। তবে তা না হলে যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে বলেও সতর্ক করেন তিনি। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কিছু পক্ষের সঙ্গে পরোক্ষ যোগাযোগ চলছে। সেখানে পরিবর্তনের সম্ভাবনা যাচাই করা হচ্ছে। তবে এসব ব্যক্তির বাস্তব ক্ষমতা আছে কি না, তা এখনো স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। রুবিও আরও বলেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। এর মধ্যে নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও প্রতিরক্ষা শিল্প অবকাঠামো অন্তর্ভুক্ত। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্য অর্জনের পথে রয়েছে—যা কয়েক সপ্তাহের মধ্যেই হতে পারে, তবে কয়েক মাস নয়। হরমুজ প্রণালি নিয়েও সতর্ক করে রুবিও বলেন, ইরানকে এর নিয়ন্ত্রণ নিতে দেওয়া হবে না এবং এমন কোনো পদক্ষেপ 'গ্রহণযোগ্য নয়'। /এআই

তেহরানে ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে অবস্থিত ইমাম হোসেইন বিশ্ববিদ্যালয়ের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। প্রতিষ্ঠানটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে দাবি করেছে তারা। আইডিএফের বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়টি আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানি আহানগারের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি ও এর কয়েকজন কর্মকর্তার ওপর একাধিক দেশের নিষেধাজ্ঞা রয়েছে বলেও উল্লেখ করা হয়। ইসরায়েলের দাবি, বিশ্ববিদ্যালয়টি মূলত একটি একাডেমিক ও গবেষণা কেন্দ্র হলেও সেখানে অস্ত্র উন্নয়ন কার্যক্রম পরিচালিত হতো। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহৃত উইন্ড টানেল, রাসায়নিক অস্ত্র গবেষণার সঙ্গে যুক্ত একটি কেমিস্ট্রি সেন্টার এবং অস্ত্র উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশল সুবিধাগুলো লক্ষ্য করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরানের অস্ত্র উৎপাদন ও উন্নয়ন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা। /এআই

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নীরব আইএইএ
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় নীরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তাসনিমে দেওয়া একসাক্ষাৎকারে বাঘাই বলেন, 'যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক পরিচালিত এসব হামলা স্পষ্টত অপরাধ। অথচ আইএইএ এখন নীরব। তিনি আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির কঠোর সমালোচনা করে বলেন, গ্রোসি ভুল পথ অবলম্বন করেছেন। আক্রমণকারীদের নিন্দা জানানোর পরিবর্তে তিনি তার সাক্ষাৎকারে এমন সব শব্দ ব্যবহার করছেন, যা সমস্যাগুলোকে আরও বাড়াচ্ছে। /এআই

রাশিয়ার তেল স্থাপনায় হামলা বন্ধের অনুরোধ করেছে কিছু মিত্র দেশ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, কিছু মিত্র দেশ কিয়েভকে রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছে। তিনি জানান, সম্প্রতি সহযোগী দেশগুলোর পক্ষ থেকে এমন বার্তা এসেছে, যেখানে রাশিয়ার তেল ও জ্বালানি খাতে ইউক্রেনের প্রতিক্রিয়ামূলক হামলা কমানোর কথা বলা হয়েছে। জেলেনস্কি একটি ভয়েস নোটে সাংবাদিকদের এ তথ্য দেন। তবে কারা এই অনুরোধ জানিয়েছে, তা তিনি নির্দিষ্ট করেননি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, কিয়েভ সম্ভবত এ অনুরোধ মানবে না। জেলেনস্কি বলেন, 'আমি আবারও বলছি—রাশিয়া যদি ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বন্ধ করতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও তাদের জ্বালানি খাতে পাল্টা হামলা করব না।' তিনি আরও বলেন, ইউক্রেন 'যেকোনো যুদ্ধবিরতির জন্য প্রস্তুত'। জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া দীর্ঘদিন ধরে ইউক্রেনের শহর ও জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়ে আসছে, যার ফলে শীতের মৌসুমে লাখো মানুষ বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় রয়েছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর রাশিয়ার জ্বালানি তেলের আয়ের ওপর চাপ তৈরি করতে ইউক্রেন দেশটির জ্বালানি স্থাপনায় হামলা বাড়িয়েছে। গত এক সপ্তাহে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একাধিক তেল শোধনাগার ও রফতানি টার্মিনালে হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে। /এআই